ব্রাদার্সের ম্যাচ বর্জন ও পারিশ্রমিক বিতর্ক: সমাধানের আশ্বাস তামিম ইকবালের

ঢাকা, ৬ জুন – ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতায় ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা ম্যাচ বর্জন করেছেন। বকেয়া পাওনা আদায় না হওয়ায় গত বুধবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামেননি তারা।
এর ফলে প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয় এবং নিয়ম অনুযায়ী প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের। এই উদ্ভূত পরিস্থিতিতে বিসিবি নির্বাচনের ক্যাটাগরি ২ প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠানে কথা বলেছেন তারকা ক্রিকেটার ও বোর্ড পরিচালক তামিম ইকবাল।
তিনি জানান,
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কর্তৃপক্ষ এবং ক্রিকেটারদের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। তামিম বলেন, ক্রিকেট বোর্ড, ক্লাব এবং খেলোয়াড়দের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে এই সংকটের দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করা হবে। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড যদি রাজি হয়, তবে প্রয়োজনে বিদ্যমান নিয়মের বাইরে গিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমিন খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এই প্রসঙ্গে তামিম জানান, সব পক্ষের সঙ্গে কথা না বলে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সমস্যার একটি সম্মানজনক সমাধান বের করাই এখন মূল লক্ষ্য।
ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চুক্তির ধরনে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, পারিশ্রমিক নিয়ে এই অভিযোগগুলো অনেক বছর ধরে চলে আসছে। তাই সামনের মৌসুমে বিসিবি, ক্লাব এবং ক্রিকেটারদের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি করা যেতে পারে।
বিসিবি যেহেতু ক্লাবগুলোকে নির্দিষ্ট অংকের টাকা দেয়, তাই কোনো জটিলতা তৈরি হলে বোর্ডের হস্তক্ষেপ করার সুযোগ থাকা প্রয়োজন। এর ফলে ডিপিএলে খেলোয়াড়দের পাওনা নিয়ে অনিশ্চয়তা অনেকটা কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এস এম/ ৬ জুন ২০২৬









