জাতীয়

যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় ৩ কোটি টাকা

ঢাকা, ৩ জুন – ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছে যা ঈদ পরবর্তী সময়ে একদিনে সর্বোচ্চ যানবাহন চলাচলের রেকর্ড।

এই সময়ে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে ২২ হাজার ৬৭৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা টোল সংগৃহীত হয়েছে।

অন্যদিকে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে উত্তরবঙ্গমুখী লেনে চলাচল করেছে ১৫ হাজার ৭০০টি যানবাহন এবং সেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩০ লাখ ২১ হাজার ৮৫০ টাকা। এর আগের ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা।

সেই হিসাবে একদিনের ব্যবধানে যমুনা সেতুতে যানবাহন পারাপার ৩ হাজার বেড়েছে এবং টোল আদায় বৃদ্ধি পেয়েছে ৫০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতু। বর্তমানে কর্মস্থলমুখী মানুষের চাপের কারণে যাতায়াত বাড়লেও সেতু ও সংলগ্ন মহাসড়কে এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language