জাতীয়

দেশে হামের প্রকোপে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৩৪

ঢাকা, ২ জুন – দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী,

গত ১৫ মার্চ থেকে ২ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ জনের। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৫০৪ জন শিশু।

একই সময়ে সারা দেশে ৯ হাজার ১৩৬ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ৭৩ হাজার ৩৬২ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি।

এ বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২৫৮ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮৭৮ জন। সংক্রমণের এই ঊর্ধ্বমুখী ধারা রোধে স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language