ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জামায়াতের নিন্দা

ঢাকা, ১ জুন – ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
রোববার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান। তিনি বলেন, রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত বিতর্কিত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ কোনো উসকানি ছাড়াই আক্রমণ চালায়। বিবৃতিতে অভিযোগ করা হয় যে, পুলিশ নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ারগ্যাস এবং জলকামান ব্যবহার করে।
এমনকি একপর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে অনেক আমানতকারী মারাত্মকভাবে আহত হন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই অযাচিত বলপ্রয়োগ ও দমনপীড়ন অত্যন্ত নিন্দনীয় এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা দেশের মানুষ এখনো ভোলেনি। গ্রাহকদের অভিযোগ অনুযায়ী, বর্তমান চেয়ারম্যান বিগত সরকারের দোসর ছিলেন এবং তাকে এই পদে বহাল রাখলে সাধারণ মানুষের জমানো টাকা আবারও অনিরাপদ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
নিজের কষ্টের জমানো টাকার নিরাপত্তা চাওয়া এবং ব্যাংকের সুরক্ষায় সোচ্চার হওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে বিতর্কিত ওই চেয়ারম্যানের নিয়োগ বাতিল করে আমানতকারীদের ক্ষোভ প্রশমন এবং ব্যাংকের স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান। একই সঙ্গে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি।
এস এম/ ১ জুন ২০২৬









