ডিপিএলে মোহামেডানের জার্সিতে মাঠে নামবেন গতি তারকা নাহিদ রানা

ঢাকা, ৩১ মে – ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে নতুন সমীকরণ নিয়ে মাঠে নামছেন জাতীয় দলের পেসার নাহিদ রানা। ঈদুল আযহার বিরতি কাটিয়ে আজ রোববার নিজ নিজ ক্লাবে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা।
টুর্নামেন্টের শুরু থেকে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ না থাকলেও এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন রানা। গত আসরে আবাহনীর জার্সি গায়ে জড়ালেও এবার ২ জুন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে তাকে সাদা-কালো শিবিরের হয়ে বল হাতে দেখা যাবে।
ঈদের ছুটির আগে লিগের ৭ রাউন্ডের খেলা শেষ হয়েছে। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
তালিকার তৃতীয় স্থানে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং চতুর্থ স্থানে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। উভয়েরই সংগ্রহ ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে ৮ পয়েন্ট নিয়ে আছে ঢাকা লিওপার্ডস।
এছাড়া সিটি ক্লাব এবং বসুন্ধরা স্ট্রাইকার্সও সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে ছয় ও সাত নম্বরে অবস্থান করছে।
তালিকার বাকি অবস্থানে রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, অগ্রণী ব্যাংক, ব্রাদার্স ইউনিয়ন, গুলশান ক্রিকেট ক্লাব এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
২ জুন থেকে অষ্টম রাউন্ডের লড়াইয়ের মধ্য দিয়ে পুনরায় লিগ শুরু হবে এবং ৫ জুন থেকে শুরু হবে নবম রাউন্ড। আসরের বিশেষত্ব হিসেবে প্রতিদিন ৬টি ভিন্ন ভেন্যুতে ৬টি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
এনএন/ ৩১ মে ২০২৬









