ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – সাক্ষর সাহা (২৩) নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাজলা এলাকার লোটাস ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাক্ষর সাহা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুরের সদর উপজেলায়।
আরও পড়ুন : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ
সাক্ষর সাহার সহপাঠীদের উদ্ধৃতি দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান জানান, সাক্ষর সাহা প্রতিদিনের মতো শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঘুমিয়েছিল। সকাল থেকে তার কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে বেলা ১১টার দিকে পাশের রুমের সহপাঠীরা অনেক ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় একপর্যায়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করে তারা। সাক্ষরকে তারা ঘুমন্ত অবস্থায় দেখে জাগানোর চেষ্টা করে। কিন্তু সাড়া-শব্দ না পাওয়ায় পরে শিক্ষার্থীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘কাজলার একটি ছাত্রবাস থেকে রুয়েটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়ে।’ তবে এটা স্বাভাবিক মৃত্যু বলেও ধারণা এই পুলিশ কর্মকর্তার।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২১ ফেব্রুয়ারি









