১ জুন রামিসা হত্যা মামলার বিচার শুরু! নির্জন সেলে থাকা ফাঁসির আসামিদের মামলাও দ্রুত নিষ্পত্তি হবে

ঝিনাইদহ, ২৭ মে – বহুল আলোচিত ও হৃদয়বিদারক রামিসা হত্যা মামলার বিচারের আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১ জুন থেকে শুরু হচ্ছে। বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘মেধা ও মনন মঞ্চ’ আয়োজিত ‘দ্যা গ্রান্ড ফিনাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
আইনমন্ত্রী বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে। আপনারা দেখেছেন, সেই এক সপ্তাহ পূরণ হওয়ার আগেই তদন্তকারী দল চার্জশিট দাখিল করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে যেমন শতভাগ স্বচ্ছ ও ন্যায়বিচারের মানদণ্ডে রাখতে চেয়েছি, ঠিক তেমনই অপরাধীদের জন্য একটি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
দেশের কারাগারগুলোর কনডেম সেল বা নির্জন সেলে বছরের পর বছর ধরে আটকে থাকা ফাঁসির আসামিদের আপিল শুনানির দীর্ঘসূত্রিতা ও পেপার বুক তৈরির জটিলতা নিরসনে সরকার বড় ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানান মন্ত্রী।
তিনি উল্লেখ করেন, “ফাঁসির আসামিদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়টি শুধু সরকারের ওপর নির্ভর করে না, এর সাথে সুপ্রিম কোর্টও সরাসরি জড়িত। ইতিমধ্যেই আমি সম্মানিত প্রধান বিচারপতির সাথে এই বিষয়ে বিশদ কথা বলেছি। ফাঁসির আসামিদের শাস্তি ও বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা তা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আইনমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, রামিসা হত্যাকাণ্ডের মতোই মাগুরার আসিয়াসহ যতগুলো স্পর্শকাতর মামলা রয়েছে এবং যারা ফাঁসির আদেশ মাথায় নিয়ে নির্জন সেলে আছেন, তাদের আপিল মামলার নিষ্পত্তি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।
নিজের অতীত কর্মজীবনের কথা স্মরণ করে সাবেক এই অ্যাটর্নি জেনারেল ও বর্তমান আইনমন্ত্রী বলেন, তিনি যখন দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন, তখন দেশের সবচেয়ে সংবেদনশীল ও আলোচিত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলা এবং বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ এগিয়ে নিয়েছিলেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে এই মেগা মামলাগুলোর বিচার প্রক্রিয়া হাইকোর্ট বিভাগ পর্যন্ত সমাপ্ত করতে চেয়েছিলেন।
বর্তমানে মামলাগুলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগে থাকায়, আপিল বিভাগও যেন অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত রায় ও পদক্ষেপ নেন—সেই আশা প্রকাশ করেন তিনি।
ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত এই মেধাভিত্তিক অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন আইনমন্ত্রী। মেধা ও মনন মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজন সম্পর্কে তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় এবং আমি একে রাজনীতির রঙে দেখতেও চাই না। আমি চাই এই সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আমাদের সমাজের ‘ওয়াচডগ’ (সমাজ প্রহরী) হিসেবে কাজ করুক।”
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ২০২৫ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫ শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এ কে এম মতিনুর রহমান, রোজ সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ এবং শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (UNO) মাহফুজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনএন/ ২৭ মে ২০২৬









