জাতীয়

পদ্মা সেতুতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৩২ লাখ টাকা টোল আদায়

মাওয়া, ২৭ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এতে পদ্মা সেতুতে যানবাহন পারাপারের চাপ বেড়েছে কয়েকগুণ। গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত এক দিনে পদ্মা সেতুতে মোট ৫ কোটি ৩২ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। এটি সেতুটি চালু হওয়ার পর এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

বুধবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৬০২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৯৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৭৬ হাজার ৯৫০ টাকা।

উল্লেখ্য যে এর আগে কোরবানির ঈদকে কেন্দ্র করে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারের বিপরীতে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছিল যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড।

এনএন/ ২৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language