মেসির চোট গুরুতর নয়, আশার কথা শোনালেন মায়ামি কোচ

বুয়েনস আইরেস, ২৫ মে – আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে লিওনেল মেসির চোট নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই কমিয়ে দিয়েছে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়লেও আর্জেন্টাইন এই তারকার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের কোচ গিয়ের্মো হোয়োস।
মেজর লিগ সকারের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ৬-৪ গোলের নাটকীয় সেই জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন মেসি। মাঠ থেকে যাওয়ার সময় তাকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা গেলে সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।
বিশেষ করে বিশ্বকাপের আগে তার এই শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ হোয়োস জানান যে মেসির অবস্থা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। তিনি বলেন যে চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট এখনো আসেনি, তবে মেসি মূলত পেশির ক্লান্তির কারণে কিছুটা অবসন্ন বোধ করছিলেন।
মূলত সতর্কতা হিসেবেই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও মেসির শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। তার মতে, মেসির পেশিতে ক্লান্তি দেখা দিলেও কোনো বড় ইনজুরির লক্ষণ পাওয়া যায়নি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে এই জয়ে মেসি দুটি অ্যাসিস্ট প্রদান করেন। অন্যদিকে তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ চমৎকার হ্যাটট্রিক করে দলের জয়ে বড় অবদান রাখেন।
এস এম/ ২৫ মে ২০২৬









