তীব্র গরমে বৃষ্টির প্রশান্তি: স্বস্তি ফিরল রাজধানীতে

ঢাকা, ২৪ মে – কয়েকদিন ধরে চলা তীব্র ভ্যাপসা গরম আর গুমোট আবহাওয়ার অবসান ঘটিয়ে রাজধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। রবিবার বিকেলে হঠাৎ নামা এই ঝুম বৃষ্টিতে স্থবির হয়ে পড়া জনজীবনে প্রশান্তি ফিরে আসে। বৃষ্টির সঙ্গে বয়ে যাওয়া শীতল বাতাস তাপমাত্রার তীব্রতা অনেকটাই কমিয়ে দিয়েছে।
দুপুরের পর থেকেই ঢাকার আকাশে মেঘের ঘনঘটা লক্ষ্য করা যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে বাতাসের গতিবেগ বাড়তে থাকে এবং বিকেল চারটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। ভাটারা, বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ানবাজার ও মহাখালীসহ শহরের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে।
আসন্ন ঈদ উপলক্ষে যারা কেনাকাটা করতে বেরিয়েছিলেন, তারা বৃষ্টির কারণে সাময়িক বিড়ম্বনায় পড়েন। এছাড়া ফুটপাত ও সড়কের পাশের ভাসমান ব্যবসায়ীদের তড়িঘড়ি করে তাদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়। তবে বৃষ্টিজনিত ভোগান্তি থাকলেও দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এমন বৃষ্টিতে নগরবাসীর চোখেমুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে।
বিশেষ করে কর্মস্থল থেকে ঘরমুখো মানুষ এবং পথচারীরা এই আবহাওয়া বেশ উপভোগ করেন। অনেককে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই বৃষ্টিতে ভিজে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলজট তৈরি হওয়ায় যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে ঢাকা, ফরিদপুর ও মাদারীপুরসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে।
এস এম/ ২৪ মে ২০২৬









