জাতীয়
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ডিএমপির বিশেষ নির্দেশনা জারি

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালকেন্দ্রিক গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী এবং পথচারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে গত রবিবার এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে,
- ঈদযাত্রায় শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে গণপরিবহন মালিক ও শ্রমিকদের নির্ধারিত শিডিউল অনুযায়ী বাস ছাড়তে হবে।
- যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
- একই সঙ্গে একটি আসন একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা এবং বাসের ছাদে যাত্রী বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
- এ ছাড়া পণ্যবাহী কিংবা পশুবাহী যানবাহনে যাত্রী পরিবহন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
- চালকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে যে নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে এবং কোনোভাবেই বেপরোয়া গতিতে যান চালানো যাবে না।
- যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ সেখানে এবং রাস্তার বাঁক বা সরু সেতুতে ওভারটেকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
- নেশাজাতীয় দ্রব্য সেবন করা, শারীরিক অসুস্থতা বা পর্যাপ্ত ঘুম ছাড়া গাড়ি না চালানোর জন্য চালকদের সতর্ক করা হয়েছে।
- চালকদের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির হালনাগাদ কাগজপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
- গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে হবে।
- বাস মালিকদের প্রতি নির্দেশনায় বলা হয়েছে যে কোনো চালককে একটানা পাঁচ ঘণ্টার বেশি এবং দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।
যাত্রীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে যে,
- যত্রতত্র থেকে বাসে না উঠে নির্ধারিত টার্মিনাল বা কাউন্টার ব্যবহার করতে হবে।
- অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে এবং নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
- পথচারীদের জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পার হতে এবং মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
- জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এস এম/ ২৪ মে ২০২৬









