মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেই চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বেইজিং, ২৩ মে – পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চার দিনের এক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে পৌঁছেছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিস্তারিত আলোচ্যসূচি এখনো প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দুই দেশের ভূমিকা নিয়ে আলোচনা হবে। বেইজিং ও ইসলামাবাদ উভয় পক্ষই বর্তমানে এ অঞ্চলে শান্তি ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান অস্থিরতা বর্তমানে একটি সংকটময় পর্যায়ে রয়েছে।
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। পাকিস্তান যে ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, চীন তাকে সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে।
এই সফরের আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যেও এ বিষয়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়। গত দুই সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনও বেইজিং সফর করেছেন।
এনএন/ ২৩ মে ২০২৬









