এশিয়া

ব্যাংককে ট্রেন ও বাসের সংঘর্ষের পর ভয়াবহ আগুন, নিহত অন্তত ৮

ব্যাংকক, ১৬ মে – থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার বিকালে ব্যাংককের রাচাথেওয়ি জেলায় এয়ারপোর্ট রেল লিংকের মাক্কাসান স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসোক ডিন দ্যাং সড়কে বিকাল পৌনে চারটার দিকে একটি ট্রেন, যাত্রীবাহী বাস এবং কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের মধ্যে এই বহুমুখী সংঘর্ষ হয়।

সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

উদ্ধারকর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। পুলিশ জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটিত হয়নি। কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং রেললাইনের সংকেত বা সিগন্যাল ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language