যুদ্ধের আবহেও সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

রিয়াদ, ২৩ মে – আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নানা জটিলতা থাকলেও এবারের হজযাত্রীর সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরান এবং ইসরায়েলের মধ্যে সৃষ্ট উত্তেজনার ফলে ওই অঞ্চলে আকাশপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল। এর প্রভাবে অনেক ক্ষেত্রে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ভ্রমণের খরচও বৃদ্ধি পায়।
সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর বড় এয়ারলাইন্সগুলো কয়েক সপ্তাহের ফ্লাইট জটিলতা কাটিয়ে পুনরায় তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালায়। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন।
সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল মুরাব্বা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী দেশটিতে এসে পৌঁছেছেন।
কর্মকর্তারা আশা করছেন আগামী দুই দিনের মধ্যে আরও অনেক হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছাবেন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য যে, গত বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন, যার মধ্যে বিদেশি হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।
ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই হজ পালনের জন্য সামর্থ্যবান মুসলমানরা প্রতি বছর মক্কায় সমবেত হন।
এনএন/ ২৩ মে ২০২৬









