শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচারে সব ধরনের সহযোগিতার আশ্বাস আইনমন্ত্রীর

ঝিনাইদহ, ২৬ মে – শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে বিচারক ও আইনজীবীর সংকটের কারণে দেশে মামলার বিচার প্রক্রিয়া প্রলম্বিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী জানান, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে যতটুকু সহযোগিতা প্রয়োজন তা সরকার প্রদান করবে। বিচারকের স্বল্পতা এবং ট্রায়ালে অংশ নেওয়ার মতো আইনজীবীর অভাব মামলা জট নিরসনে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে।
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর করা মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, বিচারকরা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন এবং এনসিপি নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পাওয়াই এর প্রমাণ।
বাংলাদেশের বিচার বিভাগ অন্য অনেক দেশের তুলনায় স্বাধীনভাবে কাজ করতে সক্ষম বলেও তিনি দাবি করেন।
ঝিনাইদহের সাম্প্রতিক ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো অবহেলা ছিল না বলে উল্লেখ করে তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
এনএন/ ২৬ মে ২০২৬









