জাতীয়

ঈদুল আজহা: ট্রেনের ঈদযাত্রা শুরু, রেল মহাপরিচালকের কমলাপুর পরিদর্শন

ঢাকা, ২৩ মে – ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের রেলযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে এই ঈদযাত্রার সূচনা হয়। এর পরপরই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কমলাপুর রেলস্টেশন ত্যাগ করে আরও বেশ কয়েকটি ট্রেন।

সকাল ১০টা পর্যন্ত ঢাকা থেকে অন্তত ছয়টি ট্রেন ছেড়ে গেছে। তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় লক্ষ্য করা গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট দেরিতে স্টেশন ছেড়েছে।

যাত্রীদের সুবিধার্থে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। পরিদর্শনকালে মহাপরিচালক বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যাত্রীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

বিশেষ করে অনলাইনে টিকিট সংগ্রহে কোনো জটিলতা হয়েছিল কি না এবং সবাই নিজ নিজ আসনে বসে ভ্রমণ করতে পারছেন কি না সে বিষয়ে তিনি খোঁজখবর নেন। যাত্রীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে মহাপরিচালক সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এস এম/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language