এভারেস্টে আরোহীদের ভিড়ে বাড়ছে প্রাণহানি, দুই ভারতীয়র মৃত্যু

কাঠমান্ডু, ২৩ মে – বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহীদের অতিরিক্ত ভিড় এবং অনভিজ্ঞ আরোহীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে রেকর্ডসংখ্যক আরোহীর চূড়ায় পৌঁছানোর খবরের মাঝেই দুইজন ভারতীয় পর্বতারোহীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
অভিজ্ঞ শেরপারা সতর্ক করে জানিয়েছেন যে,
এই অনিয়ন্ত্রিত ভিড় ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। নেপালের পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার একদিনেই নেপাল অংশ থেকে প্রায় ২৭৫ জন আরোহী ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এই শৃঙ্গে আরোহণ করেছেন।
অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠান পাইওনিয়ার অ্যাডভেঞ্চারসের পরিচালক নিভেশ কার্কি জানিয়েছেন নিহত দুই ভারতীয় হলেন সন্দীপ আরে এবং অরুণ কুমার তিওয়ারি। তারা যথাক্রমে ২০ ও ২১ মে চূড়ায় পৌঁছেছিলেন কিন্তু ফেরার পথে উচ্চতাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বর্তমানে তাদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে ৩২ বার এভারেস্ট জয়ী কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা অতিরিক্ত ভিড় নিয়ে তার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানান যে এবারের অভিযান ছিল অতিরিক্ত ভিড়ে ঠাসা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে আরোহীরা বরফাচ্ছন্ন ও অক্সিজেনস্বল্প উচ্চাঞ্চলে নির্দিষ্ট রশি ধরে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন।
কামি রিতা শেরপা বলেন সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণ করা। কেবল দক্ষ ও যোগ্য পর্বতারোহীদেরই চূড়ায় ওঠার অনুমতি দেওয়া উচিত এবং এর একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন।
চলতি বসন্তকালীন মৌসুমে এভারেস্টে অন্তত পাঁচজন আরোহীর মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুইজন ভারতীয় ও তিনজন নেপালি রয়েছেন। এছাড়া মাকালু পর্বতে এক মার্কিন ও এক চেক পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য যে তিব্বত অংশের পথ বন্ধ থাকায় আরোহীদের চাপ নেপাল অংশে বেড়েছে।
এস এম/ ২৩ মে ২০২৬









