তনু-রামিসা-আছিয়া হত্যার বিচারে এনসিপির মশাল মিছিল

ঢাকা, ২২ মে – সকল হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। তনু, রামিসা ও আছিয়া হত্যার বিচারের দাবিতে স্লোগান দিয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত এই মিছিলটি প্রদক্ষিণ করে।
কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। মিছিলের পূর্বে আয়োজিত এক সমাবেশে নেতারা মিরপুরের রামিসা, ক্যান্টনমেন্টের তনু এবং বসুন্ধরার মুনিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান।
আরিফুল ইসলাম আদীব তার বক্তব্যে দেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি সকল রাজনৈতিক দলে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও উত্থাপন করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এবং সাইফুল ইসলাম।
এস এম/ ২২ মে ২০২৬









