নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ফিটনেসবিহীন যানবাহন বন্ধের সুপারিশ

ঢাকা, ২০ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই সুপারিশ পেশ করা হয়। ‘রোডক্র্যাশ রোধে নিরাপদ ঈদযাত্রায় করণীয়’ শীর্ষক এই সভায় বক্তারা সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন।
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের সমন্বয়কারী শারমিন রহমান সরকারের কাছে বেশ কিছু জরুরি প্রস্তাব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, গত বছরের তুলনায় এ বছরের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতি দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে পুনরায় সামনে নিয়ে এসেছে। ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে তিনি সর্তক করেন।
মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করা, চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর ঢাকা আহ্ছানিয়া মিশন বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচল সীমিত করা, স্পিডগানের ব্যবহার বৃদ্ধি এবং টোল প্লাজায় দ্রুত ডিজিটাল বুথ চালুর মাধ্যমে যানজট কমানোর সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা হাইওয়েতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন এবং বাস টার্মিনাল থেকেই ত্রুটিপূর্ণ যান যাতে বের হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মোটরসাইকেল আরোহীদের জন্য মানসম্মত হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং নিয়ন্ত্রণে কঠোর নজরদারির সুপারিশও করা হয় এই মতবিনিময় সভায়।
এস এম/ ২০ মে ২০২৬









