দক্ষিণ এশিয়া

ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম জারি

নয়া দিল্লী, ১৯ মে – বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের নাগরিক যারা ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী, তাদের জন্য পাসপোর্টের তথ্য সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করেছে ভারত সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তির নতুন নিয়ম অনুযায়ী,

নাগরিকত্ব প্রার্থীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে একটি লিখিত ঘোষণাপত্র জমা দিতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের নাগরিক হতে ইচ্ছুক বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকদের কাছে নিজস্ব কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না।

যদি আবেদনকারীর কাছে কোনো বৈধ পাসপোর্ট থাকে, তবে আবেদন করার সময় পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। এছাড়া তাকে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব লাভের ১৫ দিনের মধ্যে তিনি তার বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট বা সুপারের কাছে জমা দেবেন।

২০০৯ সালের বিধিমালার ১সি তফসিলে একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করে এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই বিধিটি মূলত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা ভারতের নাগরিকত্বের আবেদন করবেন।

উল্লেখ্য যে,

২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করেছিল। ওই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে উল্লিখিত তিন প্রতিবেশী দেশ থেকে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের পথ সহজ করা হয়েছিল। সেই ধারার ধারাবাহিকতায় এবার পাসপোর্ট সমর্পণের বিষয়ে নতুন এই প্রশাসনিক নির্দেশনা জারি করল ভারতের কেন্দ্রীয় সরকার।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language