কৃষ্ণ সাগরে চীনা মালিকানাধীন জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

মস্কো, ১৮ মে – কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক মালবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি জাহাজ চীনের মালিকানাধীন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের ঠিক আগের দিন এই হামলার ঘটনাটি ঘটেছে।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবারের ওই হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ মার্শাল দ্বীপপুঞ্জের এবং অন্যটি গিনি বিসাউয়ের পতাকাবাহী ছিল। জাহাজ দুটি ওডেসা অঞ্চলের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। ইউক্রেনীয় নৌবাহিনী নিশ্চিত করেছে যে, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কেএসএল দেইয়াং জাহাজটি চীনা মালিকানাধীন এবং এতে চীনা নাবিকরা কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জাহাজটির একটি অংশ আগুনে আংশিকভাবে পুড়ে গেছে। চার বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই ওডেসা বন্দর সংলগ্ন এলাকায় রাশিয়ার নিয়মিত হামলা চলছে। ওডেসা ইউক্রেনের কৃষিপণ্য রফতানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে পরিচিত।
এই হামলার কঠোর সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওডেসায় ড্রোন হামলার সময় একটি ড্রোন সরাসরি চীনা জাহাজে আঘাত হেনেছে। তিনি বলেন, সমুদ্রে থাকা জাহাজটির পরিচয় সম্পর্কে রুশ বাহিনীর অজ্ঞাত থাকার কোনো কারণ নেই।
ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হামলায় জাহাজে থাকা কোনো নাবিক আহত হননি। তারা সবাই চীনের নাগরিক। হামলার পরও জাহাজটি তার নির্ধারিত যাত্রা অব্যাহত রেখেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না এবং এটি ওডেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিক বোঝাই করতে যাচ্ছিল।
এস এম/ ১৮ মে ২০২৬









