জাতীয়

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা, ১৮ মে – ফলো-আপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সকালে তিনি বিমানযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে রাষ্ট্রপতির প্রেস উইং সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। যুক্তরাজ্যে অবস্থানকালে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করা হয় এবং সেখানে একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়।

যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত স্বনামধন্য রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এই চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। এনজিওগ্রামের সময় হৃদযন্ত্রে উল্লেখযোগ্য মাত্রার প্রতিবন্ধকতা শনাক্ত হলে চিকিৎসকরা তাৎক্ষণিক ব্যবস্থার অংশ হিসেবে রিং স্থাপনের সিদ্ধান্ত নেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে,

রাষ্ট্রপতি এর আগেও হৃদরোগজনিত নানা জটিলতায় চিকিৎসা নিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার একটি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছিল। এরপর থেকেই নিয়মিতভাবে ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসার জন্য যাতায়াত করছেন তিনি।

উল্লেখ্য যে,

রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বজুড়ে হৃদরোগের আধুনিক চিকিৎসা ও গবেষণার জন্য অত্যন্ত পরিচিত। বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম। রাষ্ট্রপতির এবারের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন।

এস এম/ ১৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language