দক্ষিণ আমেরিকা

কলম্বিয়ায় প্রেসিডেন্ট প্রার্থীর দুই প্রচারকর্মীকে গুলি করে হত্যা

বোগোতা, ১৭ মে – কলম্বিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করার মধ্যেই ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলার দুই প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেটা প্রদেশে শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

শনিবার দে লা এসপ্রিয়েলার রাজনৈতিক দল ডিফেন্ডার্স অব দ্য হোমল্যান্ড এক বিবৃতির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, নিহতরা হলেন কুবারাল এলাকার সাবেক মেয়র রজার্স মাউরিসিও ডেভিয়া এবং লজিস্টিকস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফ্যাবিয়ান কার্ডোনা।

নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে তারা মোটরসাইকেলে করে ভিলাভিসেনসিও শহর থেকে ফিরছিলেন। ফেরার পথে কুবারাল এলাকার একটি গ্রামীণ সড়কে চারজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের পথরোধ করে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।

নিহত ডেভিয়া স্থানীয়ভাবে নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। এই ঘটনার পর এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা একে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেন এবং দ্রুত তদন্তের দাবি জানান।

প্রশাসন এখন পর্যন্ত কোনো গোষ্ঠীকে দায়ী না করলেও দে লা এসপ্রিয়েলা অভিযোগ করেছেন সাবেক বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী এই হামলার পেছনে জড়িত থাকতে পারে। আগামী ৩১ মে কলম্বিয়ায় প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language