প্রধানমন্ত্রীর কুমিল্লা সফর ঘিরে উৎসবের আমেজ, নিরাপত্তায় এসএসএফ

কুমিল্লা, ১৫ মে – প্রধানমন্ত্রী তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।
আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় একটি পথসভায় অংশ নেবেন। ওইদিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা এবং কুমিল্লা থেকে নোয়াখালী ও চাঁদপুরগামী সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হয়েছে। বর্তমানে জনসভার মঞ্চ সজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায় যে মাঠের নিচু অংশে বালু দিয়ে ভরাট করা হচ্ছে এবং আশপাশে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন লাগানো হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা মাঠ প্রাঙ্গণে অবস্থান নিয়ে প্রস্তুতির তদারকি করছেন। এদিকে জনসভার ভেন্যু পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা কুমিল্লা ও চাঁদপুরের আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করার পাশাপাশি জনসভাস্থলের মাঠে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। কুমিল্লার নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রীর এই সফরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ঘোষণা আসবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এস এম/ ১৫ মে ২০২৬









