দেশের ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া, প্রজ্ঞাপন জারি

বগুড়া, ১৫ মে – দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। বগুড়া পৌরসভা ও এর পার্শ্ববর্তী সম্প্রসারিত এলাকা নিয়ে এই নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর তা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
মোট ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে এই সিটি করপোরেশন। এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বা নিকার সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণে উত্তরে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন, রাজাপুর ইউনিয়নের অংশ ও শাখারিয়া ইউনিয়নকে রাখা হয়েছে।
দক্ষিণে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন, মাদলা ইউনিয়ন ও মাঝিড়া ইউনিয়নকে যুক্ত করা হয়েছে। এছাড়া পূর্বে সাবগ্রাম ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন ও মাদলা ইউনিয়নের অংশ এবং পশ্চিমে ফাঁপোড় ও এরুলিয়া ইউনিয়নকে সীমানার অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে যে স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী বিদ্যমান পৌরসভা ও সম্প্রসারিত এলাকার সমন্বয়ে এই উদ্যোগ নেওয়া হয়। বগুড়া জেলা প্রশাসকের দাখিল করা জনমত ও প্রয়োজনীয় প্রতিবেদনের ভিত্তিতেই সরকার এই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করেছে।
এস এম/ ১৫ মে ২০২৬









