জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি

ঢাকা, ১২ মে – বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারা দেশে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের বাধ্যবাধকতা থাকলেও ঈদুল আজহা উপলক্ষে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দেশের সব মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসন্ন উৎসব উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার দোকানপাট খোলার সময়সীমা বর্ধিত করার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দেশে চলমান বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে আনতে সব ধরনের মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল।

ব্যবসায়ী সংগঠনটি জানিয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বিষয়টি অবহিত করেছেন। সে অনুযায়ী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতানগুলো রাত ১০টা পর্যন্ত চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।

তবে বিজ্ঞপ্তিতে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। উৎসব উপলক্ষে সময়সীমা বাড়ানো হলেও কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দোকান মালিক সমিতি।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language