ক্রিকেট

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়, টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

ঢাকা, ১২ মে – মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে না পেরে সফরকারী পাকিস্তান মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায়।

এর ফলে দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের গৌরব অর্জন করল টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে। গত দুই দশকে টানা ১১টি ম্যাচে পরাজয়ের পর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করার মাধ্যমে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

এবার নিজেদের ঘরের মাঠেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটালেন নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে পাকিস্তানকে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতি ও বাউন্সের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান।

শেষ পর্যন্ত তারা ১৬৩ রানেই গুটিয়ে গেলে ১০৪ রানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি টেস্টে জয় পেল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রিকেটের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language