পাটগ্রাম সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, স্থানীয়দের বাধায় পিছু হটল বাহিনী

লালমনিরহাট, ১২ মে – লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় বাংলাদেশিদের গবাদিপশু ধরে নিয়ে যাওয়ার প্রচেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) প্রতিহত করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধবলগুড়ি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলারের সংলগ্ন এলাকায় গরুগুলো ঘাস খাচ্ছিল।
সেই সময় বিএসএফের কয়েকজন সদস্য অতর্কিতে সেখানে উপস্থিত হয়ে গরুগুলো ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে বিএসএফ সদস্যদের বাধা প্রদান করেন এবং তাদের প্রতিহত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজিবির হস্তক্ষেপে বিএসএফ সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হন। জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, গরু ধরে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিএসএফ সদস্যদের সাথে স্থানীয়দের বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছিল।
তবে বিজিবি পরিস্থিতি সামাল দেয়ায় বর্তমানে সীমান্ত এলাকায় শান্তি বিরাজ করছে। এই বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া সম্ভব হয়নি।
এস এম/ ১২ মে ২০২৬









