লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা

ঢাকা, ১২ মে – লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মীর মর্মান্তিক মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করা হয়।
নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। সোমবার দক্ষিণ লেবাননের একটি এলাকায় ওই হামলাটি ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে একটি জঘন্য কাজ হিসেবে অভিহিত করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বর্তমানে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এছাড়া দূতাবাস থেকে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা ও নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।
এস এম/ ১২ মে ২০২৬









