ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

ফেনী, ১২ মে – ফেনীর সদর উপজেলার হাফেজিয়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নূর আলম এবং তার ছেলে নূর হাসনাত নীরব। নূর আলম দীর্ঘ দিন ধরে ফেনী ডায়াবেটিস হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আহত তার ভাগনে আফজাল মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নূর আলম তার ছেলে ও ভাগনেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় যাচ্ছিলেন।
পথে দাউদকান্দি এক্সপ্রেস পরিবহনের একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নূর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত নীরব ও মিঠুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে নিরবেরও মৃত্যু হয়। নিহত নূর আলমের সহকর্মী ও স্বজনরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ফেনী জেলা অ্যাম্বুলেন্স মালিক চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক জানান, সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানো হবে। মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এম/ ১২ মে ২০২৬









