ক্রিকেট

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিলাসবহুল গাড়ি

ঢাকা, ১২ মে – অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে দেশি ক্রিকেটারদের জন্য বড় পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ও চলমান পাকিস্তান সিরিজে সেরা খেলোয়াড়দের বাইক উপহার দেওয়ার রীতির পর এবার বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সেরা পারফর্মার এই গাড়িটি পাবেন।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি ও গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান চেরির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ক্রিকেটারকে একটি চেরি গাড়ি উপহার দেওয়া হবে। বিসিবি সভাপতি বলেন, চেরির মতো একটি বৈশ্বিক ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়া অত্যন্ত ইতিবাচক দিক।

গত কয়েক বছরে বোর্ডের ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই ধরণের স্পন্সরশিপ সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রায় ২০ বছর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জেতার পর সর্বশেষ কোনো ক্রিকেটার হিসেবে তার ভাই নাফিস ইকবাল গাড়ি উপহার পেয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

স্পন্সরদের আগ্রহ বৃদ্ধি প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, এটি কোনো ব্যক্তির অর্জন নয় বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের আস্থার প্রতিফলন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে বড় ব্র্যান্ডগুলোকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করা তার কাজেরই অংশ। তিনি এই সহযোগিতার জন্য চেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language