মিরপুর টেস্টে বৃষ্টির হানা, শান্ত ও মুমিনুলের ব্যাটে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

ঢাকা, ১১ মে – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের চতুর্থ দিনে বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রয়েছে। মধ্যাহ্নভোজের বিরতি শেষে দুই দল মাঠে নামার প্রস্তুতি নিলেও আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর দ্বিতীয় সেশনের খেলা পুরোপুরি পণ্ড হওয়ায় আম্পায়াররা নির্ধারিত সময়ের আগেই চা বিরতি ঘোষণা করেন।
তবে আবহাওয়া অনুকূলে থাকলে স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে পুনরায় খেলা শুরুর নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দ্রুত সাজঘরে ফিরে গেলে বেশ চাপে পড়ে স্বাগতিকরা। দিনের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ইতিবাচক সূচনার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত মাত্র ৪ রানে আব্বাস আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হন মাহমুদুল হাসান জয়।
রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার। এরপর ইনিংসের ১১তম ওভারে হাসান আলির বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ১০ রান করে তিনি মাঠ ছাড়লে মাত্র ২৩ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এমন নাজুক অবস্থায় দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।
তৃতীয় উইকেট জুটিতে এই দুই ব্যাটার ৭০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলকে স্বস্তিকর অবস্থানে নিয়ে যান। মুমিনুল হক ৮২ বলে ৩৭ রান এবং নাজমুল হোসেন শান্ত ৫৭ বলে ৩৪ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যান। প্রথম সেশন শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৯৩ রান।
এতে স্বাগতিকদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১২০ রানে। পাকিস্তানের বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি ও হাসান আলি একটি করে উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৩৮৬ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। স্পিনার মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখন বড় সংগ্রহের পথে লড়ছে।
এস এম/ ১১ মে ২০২৬









