দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বেইজিং, ১১ মে – দীর্ঘ ৯ বছর পর চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত বেইজিং সফরে থাকবেন তিনি। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ওই বার্তায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর আগে নিজের প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবারের মতো চীনে গিয়েছিলেন ট্রাম্প। পরবর্তীতে প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে কোনো মার্কিন প্রেসিডেন্ট বেইজিং সফর করেননি। সেই হিসেবে দীর্ঘ ৯ বছর পর এটিই হতে যাচ্ছে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর।
মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাষ্ট্রীয় সফরের নির্ধারিত সূচি মূলত ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। এবারের সফরে ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বৈশ্বিক ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ১১ মে ২০২৬









