শিক্ষা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপ ঘোষণা

ঢাকা, ১১ মে – বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘নলেজ করিডোর’ প্রকল্পের আওতায় বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫০০টি পূর্ণকালীন স্কলারশিপের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন এবং ‘পাকিস্তান এডুকেশন এক্সপো-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এই মহতী উদ্যোগের ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্যপ্রযুক্তি, কৃষি এবং বিজ্ঞানসহ বিভিন্ন আধুনিক বিষয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা গ্রহণের বিশেষ সুযোগ পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশনের প্রজেক্ট ডিরেক্টর জেহানজেব খান জানান, এই প্রকল্পের অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি স্কলারশিপ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে চলতি বছর ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী পাকিস্তানের শীর্ষ ২০টি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব উদ্যোগে আরও কয়েকশ বৃত্তি প্রদানের সুযোগ রেখেছে। জেহানজেব খান তার বক্তব্যে উল্লেখ করেন যে, পাকিস্তান ও বাংলাদেশের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস প্রায় একই রকম। তিনি জানান, পাকিস্তানের অন্তত ৩৫টি বিশ্ববিদ্যালয় কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে এবং সেখানকার ডিগ্রি বৈশ্বিক পর্যায়ে অত্যন্ত গ্রহণযোগ্য।

মেলাটি কেবল ঢাকাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আগামী ১০ দিনে দেশের আরও পাঁচটি প্রধান শহরে এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এসব মেলায় শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং পছন্দমতো বিষয় নির্বাচন করার সুযোগ পাবেন। অনুষ্ঠানে জানানো হয় যে, ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’ স্কিমটি সম্পূর্ণ অর্থায়নকৃত।

এর ফলে মেধাবী শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই পাকিস্তানের নামকরা পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারবেন। এছাড়া দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং গবেষণা সহযোগিতার বিষয়েও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language