মোহাম্মদপুরে ৯ হত্যা: নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ঢাকা, ১০ মে – জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আগামী ৮ জুন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ প্রদান করেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন বিচারক মোহিতুল হক আসামিদের বিরুদ্ধে আনীত তিনটি সুনির্দিষ্ট অভিযোগ পড়ে শোনান। আদালতে উপস্থিত চার আসামিকে তারা দোষী কি না জানতে চাওয়া হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রার্থনা করেন। এরপর আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।
শুনানির সময় কারাগারে থাকা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক এবং ফজলে রাব্বি।
মামলার উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রনসহ আরও বেশ কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা এই তালিকায় রয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নৃশংসতা চালায়। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানি ও প্ররোচনায় চালানো গুলিতে মাহমুদুর রহমান সৈকত এবং ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন। আহত হন আরও অসংখ্য মানুষ।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ এবং আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটররা।
এনএন/ ১০ মে ২০২৬









