দক্ষিণ এশিয়া

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা ও গুলিবর্ষণে ১২ পুলিশ নিহত

ইসলামাবাদ, ১০ মে – পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়ি বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এই উত্তপ্ত অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালায়। ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামক একটি সশস্ত্র গোষ্ঠী এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে।

জাহিদ খান নামের একজন পুলিশ কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালালে স্থাপনাটি সম্পূর্ণ ধসে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত ওত পেতে হামলা ও গুলিবর্ষণ শুরু করে।

হামলায় ড্রোন ব্যবহারের তথ্যও পাওয়া গেছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ সূত্র আশঙ্কা প্রকাশ করেছে। শক্তিশালী এই বিস্ফোরণে পাশের বেশ কিছু বেসামরিক ঘরবাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর এলাকাটি ঘিরে রেখে তল্লাশি অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language