জাতীয়

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ মাদারীপুরে, এলাকায় শোকের ছায়া

ঢাকা, ৯ মে – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে মরদেহটি নিয়ে আসা হয়। কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মা বাবা ও স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।

এর আগে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির মরদেহ এসে পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে পৌঁছালে তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান প্রতিবেশী ও সহপাঠীরা। পুরো এলাকায় বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর চর গোবিন্দপুর উচ্চবিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন।

সেখান থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করতে যান। গত ১৬ এপ্রিল বৃষ্টি ও জামিল আহমেদ লিমন নামের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হন। পরবর্তী সময়ে তাদের হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language