শান্ত ও মুমিনুলের ব্যাটে মিরপুর টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ঢাকা, ৮ মে – মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতেই চাপে পড়েছিল স্বাগতিক বাংলাদেশ। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়লেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুমিনুল হকের দৃঢ়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টাইগাররা। বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান। মাঠে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক।
শান্ত ১০২ বলে ৭৭ রান এবং মুমিনুল ১১০ বলে ৫২ রান করে বড় সংগ্রহের দিকে এগোচ্ছেন। এর আগে শুক্রবার সকালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। এই ম্যাচে পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে আজান আওয়াইজ ও আবদুল্লাহ ফজলের। বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ইনিংসের শুরুতে দেখেশুনেই খেলছিলেন। তবে দলীয় সংগ্রহ যখন মাত্র ৩১ রান তখনই হোঁচট খায় বাংলাদেশ।
ইনিংসের পঞ্চম ওভারে শাহীন আফ্রিদির বলে মাহমুদুল হাসান জয়ের একটি সহজ ক্যাচ ফেলে দেন আব্দুল্লাহ ফজল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি জয়। সপ্তম ওভারের প্রথম বলে শাহীন আফ্রিদির শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ৮ রান করেন এই ওপেনার।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর বলে স্লিপে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন মাত্র ১৩ রান। দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে এই অভিজ্ঞ জুটির অবিচ্ছিন্ন ১০৩ রানের ওপর ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এস এম/ ৮ মে ২০২৬









