এশিয়া

চীনে অ্যাডভেঞ্চার পার্কে রাইড থেকে পড়ে কিশোরী পর্যটকের মৃত্যু

 

বেইজিং, ৮ মে – চীনের সিচুয়ান প্রদেশের একটি অ্যাডভেঞ্চার পার্কে ক্লিফ সুইং রাইডে চড়তে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে এক কিশোরী পর্যটকের মৃত্যু হয়েছে। হুয়াইং এলাকার মালিউয়ান ওয়াটারফল অ্যাডভেঞ্চার পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে যে, রাইডটি শুরু করার আগে নিরাপত্তার বিষয়ে বারবার সতর্ক করা হলেও দায়িত্বরত কর্মীরা তাতে কর্ণপাত করেননি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী ওই পর্যটক রাইডে ওঠার মুহূর্তে বেশ কয়েকবার নিরাপত্তামূলক দড়ি ঢিলা থাকার বিষয়ে অভিযোগ করেছিলেন। কিন্তু কর্মীরা সেই সতর্কতা গুরুত্ব না দিয়ে তাকে রাইডে পাঠিয়ে দেন। রাইডটি চালু হওয়ার কিছুক্ষণ পরই নিরাপত্তা সরঞ্জাম যথাযথভাবে কাজ না করায় কিশোরীটি প্রায় ১৬৮ মিটার গভীর খাদে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাটিকে চরম নিরাপত্তা অবহেলা হিসেবে চিহ্নিত করেছে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডভেঞ্চার রাইডগুলোর ক্ষেত্রে কঠোর তদারকি এবং কর্মীদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language