কুমিল্লা

কুমিল্লায় সিসিএন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু: স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা, ৮ মে – কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাঈম ফারিহার রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. হানিফ বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ফারিহার স্বামী মেহেদী হাসান হৃদয়, শ্বশুর আবদুর রহিম, শাশুড়ি আফরোজা বেগম, ননদ রীমা আক্তার ও তার স্বামী জাকারিয়াসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফারিহা ও হৃদয় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং প্রেমের সম্পর্কের জেরে গত বছরের ৮ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই স্বামীর পরিবার ফারিহার কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল বলে অভিযোগ উঠেছে। স্কুলশিক্ষক বাবার কাছ থেকে দাবিকৃত অর্থ এনে দিতে না পারায় ফারিহাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন সইতে হতো বলে মামলায় উল্লেখ করা হয়।

ফারিহার বাবার দাবি, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় তিনি সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, নিহতের বাবার অভিযোগের প্রেক্ষিতে আপাতত প্ররোচনার মামলা হিসেবে এটি রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামীসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। গত মঙ্গলবার রাতে নগরীর মুন্সেফবাড়ি এলাকার কাশেম গার্ডেন ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language