চট্টগ্রাম

শাহ আমানত সেতুতে ভাড়া নিয়ে উত্তেজনা: ৮ কিমি যানজটে স্থবির দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম, ৮ মে – চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে চালক ও যাত্রীদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শুরু হওয়া এই বিশৃঙ্খলার জেরে সেতুর উভয় পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়। এর ফলে দীর্ঘ সময় বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দক্ষিণ চট্টগ্রামমুখী শত শত যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বাসের অতিরিক্ত ভাড়া দাবি করাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা এক পর্যায়ে সড়ক অবরোধে রূপ নেয়। কয়েক ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে সড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অসংখ্য ব্যক্তিগত ও গণপরিবহন আটকা পড়ে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।

বিশেষ করে সংকটাপন্ন রোগীদের নিয়ে স্বজনদের দুর্ভোগ ছিল চরমে। দীর্ঘ সময় পার হলেও শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা রিদোয়ান জানান, ঢাকা থেকে এসে লোহাগাড়া যাওয়ার পথে তিনি এই ভোগান্তির শিকার হন। নতুন ব্রিজ থেকে কলেজ বাজার এবং অপর প্রান্তে কালামিয়া বাজার পর্যন্ত যানজট বিস্তৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কর্ণফুলী ট্রাফিক বিভাগের পরিদর্শক আবু সাঈদ বাকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত ভাড়া নিয়ে উত্তেজনার কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। বাকলিয়া থানার ট্রাফিক পরিদর্শক তুহিন আহমেদ পরবর্তীকালে জানান যে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচল পুনরায় শুরু হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language