জাতীয়

ঈদুল আজহা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল

ঢাকা, ৭ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দেশের সব দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

তিনি জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে গত ৪ মে দোকানপাট রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে সরকার রাত ১০টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। তবে দোকান মালিকদের জন্য কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। হেলাল উদ্দিন জানান, রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ থাকলেও কোনোভাবেই অতিরিক্ত আলোকসজ্জা বা বাড়তি বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

মূলত বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। প্রসঙ্গত, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে প্রথম দফায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকার।

পরবর্তীতে ব্যবসায়ী সংগঠনগুলোর দাবির মুখে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এখন কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে এই সময় আরও তিন ঘণ্টা বাড়ানো হলো।

এস এম/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language