জাতীয়

হামের ভয়াবহ রূপ: গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজার ছাড়াল!

ঢাকা, ৭ মে – দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃতদের মধ্যে একজন শিশুর হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ১১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ১ হাজার ২৩৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত এক দিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকায় হাম শনাক্ত হওয়া এক শিশুসহ মোট ৬ জন মারা গেছে। এছাড়া রাজশাহীতে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেটে ১ জন করে শিশু মারা গেছে।

এর আগে গত ৪ মে হাম ও এর উপসর্গে দেশে এক দিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

বৃহস্পতিবার ৭ মে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়

পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২৭৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাবরেটরিতে হাম শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ৫৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ হাজার ৯১২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে ২৮ হাজার ২৩৮ জন শিশু বাড়ি ফিরেছে বলে অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button