আগামী ৭ জুন শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

ঢাকা, ৭ মে – আগামী ৭ জুন রবিবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হতে যাচ্ছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার নামে প্রচারিত বিজ্ঞপ্তিতে এই অধিবেশনকে ২০২৬ খ্রিষ্টাব্দের বাজেট অধিবেশন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়। প্রথম অধিবেশনে মোট ৯৪টি বিল পাস এবং ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল।
২৫ কার্যদিবসের ওই অধিবেশনে রাষ্ট্রপতি প্রদত্ত ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়েছিলেন ২৮০ জন সংসদ সদস্য। ২৪ এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার শেষে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করে এবং নির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি গত ২৩ ফেব্রুয়ারি সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করেন এবং পরবর্তীতে সংসদ সচিবালয় থেকে এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়।
এস এম/ ৭ মে ২০২৬









