এপ্রিলে দেশে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জনের মৃত্যু

ঢাকা, ৬ মে – দেশে গত এপ্রিল মাসে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭০৯ জন। রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। নিহতদের মধ্যে ৫৩ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে, যা মোট দুর্ঘটনার প্রায় ৪২ শতাংশ। এছাড়া ১০৬টি ঘটনায় পথচারীকে চাপা দেওয়া হয়েছে এবং ৯৭টি ক্ষেত্রে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
এপ্রিলে হওয়া দুর্ঘটনার মধ্যে সর্বোচ্চ ১৯৩টি ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ১৬৮টি। বাকিগুলো ঘটেছে শহর ও গ্রামের সড়কে।
সড়ক ছাড়াও গত মাসে ৭টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই সময়ে ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে সড়কে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। মটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৬৬ শতাংশ। দুর্ঘটনায় ১০২ জন পথচারী এবং ৪৬ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।
এপ্রিলে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপসহ পণ্যবাহী গাড়ির হার ২৫ দশমিক ৯৪ শতাংশ। মোটরসাইকেলের হার ২৩ দশমিক ২১ শতাংশ এবং থ্রি-হুইলারের হার ১৭ শতাংশ।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সকালে, যা মোট দুর্ঘটনার ২৮ দশমিক ৫০ শতাংশ। ভৌগোলিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন।
সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পেছনে ১১টি প্রধান কারণ চিহ্নিত করেছে রোড সেফটি ফাউন্ডেশন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক অবকাঠামো, বেপরোয়া গতি, অদক্ষ চালক, দীর্ঘ কর্মঘণ্টা, মহাসড়কে ধীরগতির যানবাহন এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা।
এছাড়া বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এনএন/ ৬ মে ২০২৬









