জাতীয়

পুলিশে বড় রদবদল: ১২ জেলায় নতুন এসপিসহ ৩৯ কর্মকর্তার বদলি

ঢাকা, ৫ মে – বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ মোট ৩৯ জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌ পুলিশে এবং ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে বদলি করা হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে পাঠানো হয়েছে।

এছাড়া জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে এবং এসবির ছুফি উল্লাহকে পাবনার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে এবং শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে পাঠানো হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে এবং ডিএমপির মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে নিয়োগ দেওয়া হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনে এবং রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপিতে এবং ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের এসপি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি এবং মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে পাঠানো হয়েছে।

আরএমপির রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি এবং চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি এবং ফেনীর শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি করা হয়েছে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language