এ বছরের শেষ দিকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

ঢাকা, ৫ মে – সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন যে, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্পষ্ট করেন যে, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের নেই।
২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে কারাবন্দী সাংবাদিকদের বিষয়ে উপদেষ্টা বলেন যে, কিছু ক্ষেত্রে সংশ্লিষ্টদের অপরাধ গণহত্যার চেয়েও ভয়াবহ। তবে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে যেন কোনো সাংবাদিক অন্যায়ভাবে কারাগারে না থাকেন।
দেশের স্বাস্থ্য পরিস্থিতি ও ডেঙ্গু মোকাবিলা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ খুব বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে সচেতন ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
হামের টিকাদান কর্মসূচি সম্পর্কে তিনি জানান, এ পর্যন্ত প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ শিশুকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০০ শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, টিকাদানে ভবিষ্যতে কোনো সংকট হবে না। এছাড়া শিশু মৃত্যুর ঘটনাগুলো খতিয়ে দেখা হবে বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।
এস এম/ ৫ মে ২০২৬









