কানাডা

উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২৬: আজ উচ্চারিত হোক সম্প্রীতির বাণী

টরন্টো, ০৫ মে – উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক চর্চার ধারাকে সমৃদ্ধ করতে গত ১,২ ও ৩ মে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বারের মতো উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব, ২০২৬। এই প্রথমবারের মত অন্তর্জালের পাশাপাশি আটলান্টার সেবা লাইব্রেরীর মঞ্চে অনুষ্ঠিত হয় উৎসব।

তিনদিনব্যাপী এই উৎসবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহর থেকে অংশ নেন দুই শতাধিক অতিথি । অতিথিদের মধ্যে বাচিক শিল্পী সহ কবি ও সংগীতশিল্পী অংশ নেয়। প্রবাসে বেড়ে ওঠা শিশুদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত- বাংলা ব্যান্ট স্কুল ডালাস, ওরিগনের সৃজনের পাঠাশালা ও হ্যামিলটনের আবৃত্তি আশ্রমের শিশুদের পরিবেশনা এবার সবার নজর কেড়েছে।

দুটি পর্বে উত্তর আমেরিকার কিছু কবিবৃন্দ স্বকন্ঠে কবিতা পাঠ করেন। কবিতার গান ও গল্প নিয়ে যুক্ত হন অনিন্দিতা কাজী, সোনালী রায় ও ইসমাইল হোসেন। আবৃত্তি সংগঠন অন্যস্বর, সমস্বর, কথকতা, বাচনিক, উত্তরের জানালায়, আটলান্টা আবৃত্তি চর্চা কেন্দ্র, উচ্চারণ, কন্ঠসাধন, আলোকধাারায় মিলি ও স্বরসাহিত্য তাদের পরিবেশনা দিয়ে উৎসবটিকে মুখরিত করেন।

উৎসবের সূচনা ও সমাপ্তি উভয়ই ছিল মননশীল- বক্তৃতা, কবিতাপাঠ ও হৃদয়ছোঁয়া সংলাপে সমৃদ্ধ। সমাপনী পর্বে প্রথমেই আবৃত্তি শিল্পী কাজী আরিফ ও কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয়। সকলেই একটি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন তা হলো বর্তমান বিশ্বের সকল বিদ্বেষ ও বিভক্তির অবসান হোক, সম্প্রীতি ছড়িয়ে পড়ুক ।

উত্তর আমেরিকায় বসবাসরত যে কজন আবৃত্তিশিল্পী ও প্রেমী এই উৎসব আয়োজনে ছিলেন তারা হলেন মন্ট্রিয়াল থেকে তোতন আফাজ, আটলান্টা জর্জিয়া থেকে রিজোয়ান হদয় ও রাশেদ চৌধুরী, হ‍্যামিল্টন থেকে নাঈমা সিদ্দিকা, ডালাস টেক্সাস থেকে তারেক ইয়াসিন উজ্জ্বল, রুনি সরকার ও মারুনা রাহী, নিউজার্সি থেকে অবন্তিকা মুখার্জি ও টরোন্টো থেকে ফারিয়া সেহেলী।

উৎসব শেষে আয়োজকেরা জানান, এই আয়োজন শুধু অনুষ্ঠানমালাই নয়, বরং আবৃত্তি আন্দোলনের মাধ্যমে একটি সাংস্কৃতিক বন্ধন গড়ে তোলার প্রয়াস। উৎসবটি যাত্রা শুরুর পর কয়েকটি পর্যায় পার করে আজ সমস্ত উত্তর আমেরিকার আবৃত্তি শিল্পীদের নিজেদের প্রকাশ করবার জন্য অনিবার্য প্লাটফর্মে পরিণত হয়েছে। তার প্রমাণ শতাধিক শিল্পীর স্বতস্ফুর্ত অংশগ্রহন। এটি যেন একটি প্রথায় পরিনত হয়েছে যে, উত্তর আমেরিকার সমস্ত শিল্পীরা বছরে একবার নিজেদের নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন।

আয়োকবৃন্দ অনুষ্ঠানের সমাপনী দিনে তাদের পরবর্তী উৎসব আয়োজনের দিন ঘোষণা করেন ৪, ৫ ও ৬ জুন, ২০২৭। আগামী বছর আরও বড় পরিসরে ও বিভিন্ন শহরে সরাসরি অংশগ্রহণমূলকভাবে উৎসব আয়োজনের পরিকল্পনা তারা করছেন।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language