উত্তর আমেরিকা

শিশুদের নিরাপত্তায় ব্যর্থতা: মেটার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিচার শুরু হচ্ছে নিউ মেক্সিকোতে

মেক্সিকো সিটি, ৩ মে – যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ আইনি বিচার শুরু হতে যাচ্ছে। সোমবার থেকে অঙ্গরাজ্যের রাজধানী সান্তা ফেতে এই বিচার প্রক্রিয়া শুরু হবে। মেটার প্ল্যাটফর্মগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং আসক্তিমূলক ডিজাইনের অভিযোগে এই মামলাটি দায়ের করেছেন নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ।

অভিযোগে বলা হয়েছে, মেটা তাদের প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি করেছে যা কিশোর-কিশোরীদের দীর্ঘ সময় অনলাইনে যুক্ত রাখতে বাধ্য করে। একইসঙ্গে শিশুদের যৌন শোষণ ও অন্যান্য ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রতিষ্ঠানটি চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। মামলার মূল বিষয় হলো, মেটার কার্যক্রম জনস্বার্থে ক্ষতিকর বা পাবলিক নিউসেন্স তৈরি করেছে কি না।

এটি প্রমাণিত হলে আদালত প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম পরিবর্তন, বাধ্যতামূলক বয়স যাচাই এবং নির্দিষ্ট কিছু ফিচার বন্ধের নির্দেশ দিতে পারে। এর আগে মার্চ মাসে একটি জুরি বোর্ড রায় দিয়েছিল যে, মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তরুণদের জন্য নিরাপদ প্ল্যাটফর্ম হিসেবে দাবি করার মাধ্যমে তারা গ্রাহকদের বিভ্রান্ত করেছে বলে আদালত অভিমত দেয়।

সেই প্রেক্ষাপটে আদালত ইতোমধ্যে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে। বর্তমান ধাপে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ প্রায় ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই বিপুল অর্থ দিয়ে আগামী ১৫ বছরের জন্য একটি মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার আওতায় নতুন চিকিৎসা কেন্দ্র স্থাপন ও বিশেষজ্ঞ নিয়োগ করা হবে।

অন্যদিকে মেটা এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রস্তাবিত অনেক পরিবর্তন প্রযুক্তিগতভাবে অসম্ভব এবং এসব শর্ত মানতে হলে নিউ মেক্সিকোতে তাদের সেবা বন্ধ করে দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং ১ হাজার ৩০০টির মতো স্কুল জেলা বর্তমানে মেটার বিরুদ্ধে একই ধরনের আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

আইনি বিশেষজ্ঞদের মতে, এই মামলার রায় ভবিষ্যতে প্রযুক্তি খাতের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে। বিশেষ করে কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে এটি বৈশ্বিক প্রভাব ফেলতে পারে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language