রংধনু রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছি আমরা: মির্জা ফখরুল

ঢাকা, ২ মে – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম মানুষকে কল্যাণের পথ দেখায় এবং এটি হিংসার জন্য নয়। তিনি উল্লেখ করেন যে, এমন এক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন যেখানে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না।
বেগম খালেদা জিয়া ২০১৬ সালে যে ভিশন ২০৩০ ঘোষণা করেছিলেন, সেখানে তিনি একটি রেইনবো স্টেট বা রংধনু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই আদর্শকে ধারণ করেই দলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার রাতে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, গৌতম বুদ্ধ পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠা এবং সব অসত্যকে দূর করার জন্য। বর্তমান বিশ্বের অস্থিরতা ও যুদ্ধের আবহে বুদ্ধের অহিংসার বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন যে বাংলাদেশে যার যার ধর্ম সে পালন করবে, কিন্তু সবার পরিচয় হবে এক।
রাজনীতিতে উনার মতো মমতাময়ী এবং দায়বদ্ধ ব্যক্তিত্ব বিরল। মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য যারা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাদের সমালোচনা করে তিনি বলেন, কোনো ধর্মই হত্যা বা হিংসা সমর্থন করে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বৌদ্ধ ধর্মীয় গুরু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বৌদ্ধ ফেডারেশনের নেতারা এই অনুষ্ঠানে অংশ নেন।
এস এম/ ২ মে ২০২৬









